স্কাই স্পোর্ট ইতালিয়ার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে রোমার সমর্থকেরা জড়ো হয়ে মধ্যরাতের ঘণ্টাধ্বনির অপেক্ষা করেন এবং জালোরোসিদের প্রতিষ্ঠার ৯৯তম বার্ষিকী উদ্‌যাপন করেন।

images/01.png

এই শোভাযাত্রায় ৫০০০-এর বেশি মানুষ অংশ নেন। শহরের কেন্দ্রস্থলের সড়কগুলো ঘুরে মিছিলটি শেষ পর্যন্ত ভিয়া উফিচি দেল ভিকারিওতে পৌঁছায়—যেখানে ১৯২৭ সালের ২২ জুলাই এএস রোমার জন্ম হয়েছিল। মধ্যরাত পেরোতেই আসে চমক: ভবনের জানালায় দেখা দেন দিবালা, আর উপস্থিত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে।

মঙ্গলবার রাতে ৫০০০-এর বেশি রোমা সমর্থক পিয়াজা সান সিলভেস্ত্রোতে জড়ো হয়ে শোভাযাত্রা শুরু করেন। মিছিলটি রোমার কেন্দ্রস্থল অতিক্রম করে ক্লাবের জন্মের স্মৃতিবাহী ভিয়া উফিচি দেল ভিকারিওতে যায়। ১৯২৭ সালের ২২ জুলাই এখান থেকেই এএস রোমার প্রাথমিক প্রশাসনিক বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্লাবের পরিচালনা পর্ষদের দায়িত্ব বণ্টন নির্ধারণ করা হয়েছিল।

সারা রাত সমর্থকদের গান, পতাকা ও রঙিন ধোঁয়ায় শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে। মিছিলের সামনে উঁচিয়ে ধরা ব্যানারে লেখা ছিল, ‘জনগণের প্রতীক’। ২০২৬/২৭ মৌসুমের জার্সিতে ঐতিহ্যবাহী ‘ASR’ প্রতীক ফেরার প্রতি এভাবেই শ্রদ্ধা জানানো হয়; ক্লাবের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনই নতুন জার্সিটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

শোভাযাত্রাটি ভিয়া উফিচি দেল ভিকারিওর ৩৫ নম্বরে পৌঁছানোর পর মধ্যরাতের ঘণ্টা বাজতেই বহু প্রতীক্ষিত চমকটি সামনে আসে। একটি জানালা দিয়ে মাথা বের করে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন দিবালা, মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো এলাকা। সদ্য চুক্তি নবায়ন করা আর্জেন্টাইন ফরোয়ার্ড রোমার ২০২৬/২৭ মৌসুমের নতুন জার্সি পরে ছিলেন এবং সমর্থকদের বজ্রধ্বনির মতো অভিবাদন পান। পরে তিনি বারান্দায় এসে নিচে ভিড় করা রোমা সমর্থকদের সঙ্গে স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন।

রোমার ২১ নম্বর জার্সিধারী দিবালার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ক্লাবের ২ কিংবদন্তি—ভিনসেন্ট কান্দেলা ও রিজিতেল্লি। রোমার ঐতিহাসিক স্মারক পতাকা হাতে তাঁরা অনুষ্ঠানে যোগ দেন।